১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে।৩০শে নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।২০২৪ সালের মার্চের মধ্যেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল।অন্যান্য সরকারি চাকরির তুলনায় অপেক্ষাকৃত কম প্রস্তুতিতে নিবন্ধনের প্রভাষক কিংবা সহকারি শিক্ষক পদে চাকরি পাওয়া যায়।এই চাকরির প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার কৌশল ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি।
পরীক্ষা পদ্ধতিঃ
প্রিলিমিনারিতে ১০০ নম্বরের পরীক্ষা হবে।বাংলা,ইংরেজি ,গণিত,সাধারণ জ্ঞান প্রতিটিতে ২৫ করে সর্বমোট ১০০।পূর্বে প্রতিটি ভুল উত্তরের জন্য •৫ মার্কস কাটা যেতো।তবে এবারের সার্কুলারে •২৫ মার্কস কাটার কথা বলা হয়েছে।পাশ মার্কস ৪০% বলা থাকলেও বাস্তবে আরো কিছু বেশি মার্কস লাগে। তবে ৫০+ মার্কস পেলে প্রিলি পাশের ব্যাপারে নিশ্চিত থাকা যাবে।
জব সলিউশনঃ
শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়,স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায়ের প্রশ্নে প্রচুর পরিমাণে বিগত সালের প্রশ্ন থেকে রিপিট হয়।তাই এই পরীক্ষায় প্রিলি পাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জব সলিউশন ভালোভাবে আয়ত্ত করা। নিবন্ধনের সকল পর্যায়ের বিগত সালের সব প্রশ্ন, ৩৫-৪৫তম বিসিএস প্রিলির সকল প্রশ্ন,প্রাইমারি ও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া অন্যান্য জব সলিউশনের প্রশ্নসমূহ সল্ভ করা অপরিহার্য ।
বাংলার প্রস্তুতিঃ
বাংলায় বেশিরভাগ প্রশ্ন ব্যাকরণ থেকে হয়ে থাকে।সাহিত্য থেকেও অল্প কিছু প্রশ্ন থাকতে পারে। ব্যাকরণের জন্য ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি,ভুল সংশোধন বা শুদ্ধকরণ,যথার্থ অনুবাদ,সন্ধি বিচ্ছেদ,কারক বিভক্তি,সমাস ও প্রত্যয়,সমার্থক ও বিপরীতার্থক শব্দ,বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন পড়তে হবে। সাহিত্য অংশের জন্য প্রাচীন ও মধ্যযুগ সংক্রান্ত আগের প্রশ্ন,আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সমূহ, ছদ্মনাম, উপাধি, প্রবর্তক, পত্রিকা ও সাময়িকী সম্পর্কে জানতে হবে।
গুরুত্বপূর্ণ বই-১.নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ,২.অগ্রদূত/এমপিথ্রি বাংলা গাইড
গণিতের প্রস্তুতিঃ
যেকোনো চাকরির পরীক্ষায় গণিতের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। গণিতের মূল ভিত্তি শক্তিশালী করতে হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বোর্ড বইয়ের অংকগুলো চর্চার কোনো বিকল্প নেই। ইউটিউবে গণিতের অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে,যেগুলো দেখে গণিতের ভিত্তি পাকাপোক্ত করা যায়।এছাড়া দৈনিক কিছু সময় গণিত চর্চা করলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। জব সলিউশনের গণিতের আগের প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করবেন।গণিতের মৌলিক ধারণার পাশাপাশি শর্ট টেকনিক ও শিখে যাবেন,যাতে পরীক্ষার কেন্দ্রে স্বল্প সময়ে সমাধান করতে পারেন।শতকরা,লাভক্ষতি, সুদকষা,ঐকিক নিয়ম,গড়,লসাগু,গসাগু,অনুপাত-সমানুপাত,সূচক, লগারিদম,উৎপাদকে বিশ্লেষণ,বাস্তব সংখ্যা,বর্গ ও ঘনের মান নির্ণয়,সমীকরণ, পরিমিতি, ত্রিকোণমিতি এবং জ্যামিতির মৌলিক বিষয়গুলো পড়তে হবে।
গুরুত্বপূর্ণ বই-১.খাইরুলস ব্যাসিক ম্যাথ
২.ষষ্ঠ থেকে দশম শ্রেণির ম্যাথ বোর্ড বই
ইংরেজির প্রস্তুতিঃ
ইংরেজির মৌলিক বিষয়গুলো যেকোনো একটা গাইড বই থেকে ভালোমতো আত্নস্হ করে নিতে হবে।এরপর জব সলিউশনের বিগত ২-৩ বছরের প্রশ্ন সমাধান করতে হবে।ফ্রেস ইডিয়ম্স,গ্রুপ ভার্বস,এ্যপ্রোপিয়েট প্রিপোসিশন, স্পেলিং নিয়মিত পড়তে হবে। ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ করার জন্য নিয়মিত যেকোনো একটা ভোকাবুলারির বই সিনোনিম এ্যান্টোনিম সহ পড়তে হবে। ইংরেজির জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ-
Completing Sentences
Translation from Bengali to English
Change of Parts of Speech
Right forms of verb
Fill in the blanks with appropriate word
Transformation of sentences
Synonyms & Antonyms
Idioms & Phrases
এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।
গুরুত্বপূর্ণ বই-১.মাস্টার-জাহাঙ্গীর আলম,২.চৌধুরী এ্যান্ড হোসাইনের উচ্চ মাধ্যমিক ইংরেজি গ্রামার
সাধারণ জ্ঞানের প্রস্তুতিঃ
নিবন্ধনের সাধারণ জ্ঞান অংশে তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে-
১.বাংলাদেশ সম্পর্কিত বিষয়
২.আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
৩.বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান
বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।
আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।
এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য-যোগাযোগ প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি, খাদ্য ও পুষ্টি, আবিষ্কার ও আবিস্কারক এবং জলবায়ু ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।এ সংক্রান্ত বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার আগের প্রশ্নগুলো রপ্ত করলেই হবে।
গুরুত্বপূর্ণ বই-১.এমপি থ্রি সাধারণ জ্ঞান
২.কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
সকল বিষয়ের প্রস্ত্ততির জন্য গাজী মিজানুর রহমান স্যারের শিক্ষক নিবন্ধন এ্যানালাইসিস বইটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।অথবা বাজারের অন্য যেকোনো গাইড বই অনুসরণ করলেও চলবে।তবে যারা বিসিএস কেন্দ্রিক বিষয় ভিত্তিক আলাদা প্রস্ত্ততি নিচ্ছেন,তাদের জন্য আলাদা নিবন্ধনের গাইড পড়ার প্রয়োজন নেই।তারা শুধু বিগত জব সলিউশন পড়লেই যথেষ্ট।এছাড়া Live MCQ তে নিয়মিত শিক্ষক নিবন্ধন বাটনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারেন।
বর্তমান সময়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা চাকরি প্রার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্র।NTRCA এখন উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি নিয়োগের সুপারিশ করে,যা পূর্বে ছিল না।স্কুল পর্যায়ের পরীক্ষা খুব সহজ হলেও কলেজ পর্যায়ে মোটামুটি মানসম্মত প্রশ্ন হয়ে থাকে।তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি না রেখে সর্বোচ্চ এ্যাফোর্ট দেয়া উচিত।
মোহাম্মদ রিয়াজ উদ্দিন
৪১তম বিসিএস শিক্ষা ক্যাডার-সমাজকল্যাণ


